প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ধাপে ধাপে বৃদ্ধি করা হবে। একই সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নে তাদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে অধ্যয়নরত প্রায় ১ কোটি ২০ লাখ শিক্ষার্থীর মধ্যে পর্যায়ক্রমে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণ করা হবে। এ কর্মসূচির আওতায় দেশের প্রায় ৬৫ হাজার সরকারি বিদ্যালয় অন্তর্ভুক্ত থাকবে।
শিক্ষা খাত নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আগের সরকারের সময় অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া হলেও শিক্ষক ও মানবসম্পদ উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান সরকার সেই ঘাটতি পূরণে কাজ করছে বলে জানান তিনি।
কৃষি খাতের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা কৃষিভিত্তিক শিল্পকারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কৃষিকে আরও আধুনিক ও উৎপাদনশীল করতে নতুন প্রযুক্তি ব্যবহারে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি আরও জানান, চীনে বাংলাদেশ থেকে কাঁঠাল রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে।
পুঁজিবাজার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অতীতে সংঘটিত শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সরকারের বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের ফলে দেশের পুঁজিবাজার ধীরে ধীরে স্থিতিশীল অবস্থায় ফিরছে বলেও তিনি উল্লেখ করেন।

