মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের ভেতরে থাকা ‘অত্যন্ত বিপজ্জনক’ ব্যক্তিদের লক্ষ্য করে শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। তার ভাষ্য, এ অভিযানের মাধ্যমে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে।
বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, “গত রাতে আমরা ইরানের অত্যন্ত বিপজ্জনক ব্যক্তিদের বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী হামলা চালিয়েছি।” একই সঙ্গে ইরানের নেতৃত্বের কড়া সমালোচনা করে তিনি বলেন, তাদের আচরণ উদ্বেগজনক।
এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে সর্বশেষ বিমান অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের দাবি, নির্ভুল অস্ত্রের মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।
তেহরান জানিয়েছে, মার্কিন হামলার প্রতিক্রিয়া হিসেবেই এই যৌথ সামরিক অভিযান পরিচালনা করেছে ইরানের নৌ ও বিমান বাহিনী। এর ফলে মধ্যপ্রাচ্যে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে।
সূত্র: আল জাজিরা

