দেশজুড়ে অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বাড়াতে ২০টি নতুন ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে জরুরি চিকিৎসা সেবা আরও সম্প্রসারণে ১০০টি নতুন অ্যাম্বুলেন্স সংগ্রহের প্রক্রিয়াও চলছে।
মঙ্গলবার (১৯ মে) ঢাকার পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত ‘ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২৬’, পদক বিতরণ ও পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে সারাদেশে ৫৩৮টি ফায়ার স্টেশন কার্যক্রম পরিচালনা করছে। তবে জনসংখ্যা ও নগরায়ণের তুলনায় এ সংখ্যা এখনো যথেষ্ট নয়। তাই প্রয়োজন বিবেচনায় নতুন স্টেশন নির্মাণ ও পুরোনো স্টেশন উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ডুবুরি ইউনিটের সক্ষমতা বাড়াতে ৭২টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে পানিতে উদ্ধার অভিযান আরও কার্যকর হবে।
ফায়ার সার্ভিসকে ‘গতি, সেবা ও ত্যাগের প্রতীক’ উল্লেখ করে তিনি বলেন, দুর্ঘটনা ও দুর্যোগের সময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে সেবা দিয়ে আসছে এই বাহিনী, যা জনগণের আস্থা অর্জন করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাহিনীর জনবল ৩০ হাজারের বেশি করার প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। পাশাপাশি প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিক করতে মুন্সীগঞ্জের গজারিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একাডেমি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ২০২৫ সালে ফায়ার সার্ভিসের সদস্যরা ২৭ হাজারের বেশি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করে হাজার হাজার কোটি টাকার সম্পদ রক্ষা করেছেন। একই সময়ে সড়ক দুর্ঘটনা ও উদ্ধার অভিযানে আহত ও নিহতদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এছাড়া লাখো মানুষের মধ্যে অগ্নিনিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়েছে।
অনুষ্ঠানে বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২০ জন সদস্যকে পদক প্রদান করা হয়।

