বিশ্বজুড়ে অস্থিরতা সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইরানের সঙ্গে সম্পৃক্ত ১২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। সোমবার (১১ মে) ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ব্রিটিশ সরকার দাবি করেছে যে এই ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠান বিভিন্ন দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি এবং বৈশ্বিক নিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে কাজ করছে। আন্তর্জাতিক নিরাপত্তা বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে লন্ডন জানিয়েছে।
ব্রিটিশ সরকারের ঘোষণা অনুযায়ী, অভিযুক্তদের ওপর তিনটি প্রধান নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। যুক্তরাজ্যে থাকা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি ফ্রিজ বা বাজেয়াপ্ত করা হয়েছে। তালিকাভুক্ত ব্যক্তিদের ব্রিটেনে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা যুক্তরাজ্যের কোনো প্রতিষ্ঠানের পরিচালক বা নীতিনির্ধারণী পদে দায়িত্ব পালন করতে পারবেন না।
মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতি এবং ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যকার টানাপোড়েনের মাঝে যুক্তরাজ্যের এই নতুন পদক্ষেপ তেহরান ও লন্ডনের কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলবে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এই নিষেধাজ্ঞার ফলে উভয় দেশের মধ্যে বিদ্যমান তিক্ততা আরও বাড়তে পারে।

