দেশজুড়ে হাম ও হাম সদৃশ উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহে আরও তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে সিলেট বিভাগেই মারা গেছে দুই শিশু।
স্বাস্থ্য সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, চলমান প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে শুধু সিলেট বিভাগেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৫৪ জন রোগী। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৮৯ জন হাম আক্রান্ত।
অন্যদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত একদিনে নতুন করে ভর্তি হয়েছেন ২৬ জন রোগী। বর্তমানে সেখানে চিকিৎসা নিচ্ছেন ৯৬ জন আক্রান্ত ব্যক্তি।
এদিকে রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। অনেক হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট দেখা দিয়েছে। ফলে বাধ্য হয়ে অনেক রোগীকে মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এতে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

