ইরান থেকে চীনে তেল পরিবহনে সহায়তার অভিযোগে নতুন করে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।
মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, সোমবার (১১ মে) তিনজন ব্যক্তি এবং নয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর মধ্যে হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমানভিত্তিক বিভিন্ন কোম্পানি রয়েছে। অভিযোগ, এসব প্রতিষ্ঠান ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইরান ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-কে তেল চীনে রপ্তানিতে সহায়তা করেছে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ দাবি করেছে, এই নেটওয়ার্কটি একাধিক ফ্রন্ট কোম্পানি ব্যবহার করে তেল বিক্রি, অর্থ লেনদেন এবং পরিবহনের কাজ পরিচালনা করছিল। এসব কার্যক্রম গোপনে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়ানোর উদ্দেশ্যে পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে।
এর আগে গত শুক্রবারও ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম সংগ্রহে সহায়তার অভিযোগে কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় আনে যুক্তরাষ্ট্র।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, সর্বশেষ পদক্ষেপে ইরানের তেল রপ্তানি নেটওয়ার্কের সঙ্গে জড়িত একটি সংগঠন এবং ইরান ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-এর তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তাও তালিকাভুক্ত হয়েছেন।
ওয়াশিংটনের অভিযোগ, তেল বিক্রির মাধ্যমে অর্জিত অর্থ ইরান সরকার জনগণের কল্যাণে ব্যবহার না করে বরং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী ও সামরিক কার্যক্রমে ব্যয় করছে, যা মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়াচ্ছে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে।

