স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের পুলিশ বাহিনীর বর্তমান পোশাক নিয়ে কেউই সন্তুষ্ট নন এবং এটি মানানসই হয়নি বলে বিভিন্ন মহল থেকে মতামত পাওয়া গেছে। তাই বিষয়টি পুনর্বিবেচনা করা হয়েছে।
সোমবার (৪ মে) সচিবালয়ে রোহিঙ্গাসহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, একটি ঐতিহ্যবাহী ও গ্রহণযোগ্য পোশাক নির্ধারণের বিষয়ে কাজ চলছে। তার প্রস্তাব অনুযায়ী শার্টের নকশা আগের মতোই রাখা হয়েছে, যা মেট্রোসহ সারাদেশে ব্যবহৃত হবে। তবে প্যান্ট বা পাজামার ক্ষেত্রে খাকি রঙ নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে একটি মানানসই ও গ্রহণযোগ্য পোশাক চূড়ান্ত করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এ সময় মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে তিনি জানান, মাদক ব্যবহারকারীদের নয়, বরং বড় মাদক ব্যবসায়ী ও চোরাচালান চক্রকে টার্গেট করে অভিযান জোরদার করা হচ্ছে।
শীর্ষ সন্ত্রাসীদের জামিন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি আদালতের এখতিয়ার এবং পুলিশের কাজ হচ্ছে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

