যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের পর পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ইরান সফর শেষ করেছেন। তিন দিনের এই সরকারি সফরে তিনি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, সফরকালে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, সংঘাত নিরসন এবং শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা হয়।
সফর শেষে শনিবার (১৮ এপ্রিল) আসিম মুনির পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের কাছে ইরানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন এবং আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিবৃতিতে আরও বলা হয়, এই সফর ইরানের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি আলোচনাভিত্তিক কূটনীতির মাধ্যমে আঞ্চলিক সংঘাত নিরসনে সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
এছাড়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সেতুবন্ধন তৈরিতে পাকিস্তানের ভূমিকা আরও জোরদার হচ্ছে বলেও উল্লেখ করা হয়। আসন্ন যুক্তরাষ্ট্র–ইরান বৈঠকের প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

