মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় অবৈধভাবে মজুত করে রাখা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জড়িত থাকার অভিযোগে দুই ব্যবসায়ীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত প্রায় ১০টার দিকে সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজার এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত।
অভিযানকালে অবৈধভাবে মজুত রাখা ৭০৯ লিটার ডিজেল জব্দ করা হয়। পাশাপাশি আরও ৫ লিটার মবিল, ৮ লিটার পুষ্টি সয়াবিন তেল এবং ৪২ লিটার রাইস ব্রাইন তেল উদ্ধার করা হয়। এসব পণ্য অনুমোদন ছাড়া মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আটক দুই ব্যবসায়ী জ্বালানি তেল অবৈধভাবে মজুত করে বাজারে অস্থিতিশীলতা তৈরি করছিলেন। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাদেরকে তাৎক্ষণিক সাজা প্রদান করা হয়।
অভিযান শেষে জব্দকৃত ডিজেল পার্শ্ববর্তী একটি অনুমোদিত ফিলিং স্টেশনে বিক্রি করা হয়। এছাড়া জব্দকৃত সয়াবিন তেল ও রাইস ব্রাইন তেল একই ফিলিং স্টেশনের ম্যানেজারের জিম্মায় রাখা হয়েছে।
অভিযানে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ ও র্যাব সদস্যরা অংশ নেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুত ও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

