ইরানের বেসামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় যেকোনো হামলার পরিণতি শুধু দেশটির ভেতরে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বৈশ্বিক প্রভাব ফেলবে—এমন কঠোর সতর্কবার্তা দিয়েছেন আব্বাস আরাগচি।
সোমবার (৬ এপ্রিল) জঁ-নোয়েল বারোট-এর সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এই অবস্থান তুলে ধরেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেসামরিক অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার যেকোনো হুমকি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। তিনি ডোনাল্ড ট্রাম্প-এর এমন বক্তব্যকে ‘যুদ্ধাপরাধ ও গণহত্যার স্বাভাবিকীকরণ’ হিসেবে আখ্যা দেন।
আরাগচি সতর্ক করে বলেন, এ ধরনের পদক্ষেপ শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক জ্বালানি খাত ও অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে। এর ফলে সৃষ্ট যেকোনো পরিস্থিতির দায় যুক্তরাষ্ট্রসহ সংশ্লিষ্ট আগ্রাসনকারীদের ওপর বর্তাবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ইরানের সার্বভৌমত্ব বা জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো হামলা হলে দেশটির সশস্ত্র বাহিনী ‘চূড়ান্ত ও সর্বাত্মক’ প্রতিক্রিয়া জানাবে।
বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে তেহরান আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করে বলছে, ইরানের অবকাঠামো লক্ষ্য করে হামলা হলে তা বিশ্বব্যাপী জ্বালানি সংকটের সূচনা করতে পারে।

