স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান রেখে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার প্রস্তাব মৌখিকভাবে দেওয়া হয়েছে। তারা সম্মত হলে সংসদের প্রথম অধিবেশনেই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যারা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, তারাই সংসদে দায়িত্ব পালন করবেন। সংবিধানে ‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে কোনো কাঠামো নেই। এ বিষয়ে বাইরে যে আলোচনা চলছে, তা রাজনৈতিক মতামত হিসেবে বিবেচিত হতে পারে।
তিনি আরও জানান, সংবিধান সংশোধনের মাধ্যমে চাইলে নতুন কোনো কাঠামো যুক্ত করা যেতে পারে। তবে সংবিধানে অন্তর্ভুক্ত না থাকলে তা বাস্তবায়ন করা সম্ভব নয়।
রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া সাংবিধানিক নিয়ম। কেউ এ বিষয়ে ভিন্নমত পোষণ করলে সেটি তাদের মতপ্রকাশের অধিকার।
এছাড়া তিনি জানান, ১৩৩টি অধ্যাদেশ সংবিধান অনুযায়ী প্রথম অধিবেশনেই সংসদে উপস্থাপন করা হবে এবং সেগুলোর বাস্তবায়ন সংসদের আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।

