সত্যজিৎ দাস (মৌলভীবাজার প্রতিনিধি):
শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা ও সামগ্রিক কর্মদক্ষতায় মৌলভীবাজার জেলার সেরা অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম মুন্না। তিনি শ্রীমঙ্গল থানা-র অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে দায়িত্ব পালনে দক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় ওসি জহিরুল ইসলাম মুন্নাকে আনুষ্ঠানিক প্রশংসাপত্র প্রদান করা হয়েছে। একই সঙ্গে সার্বিক কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে জেলার সেরা অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত করা হয়।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন তাঁর হাতে সম্মাননা তুলে দেন। এ সময় তিনি বলেন, নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষায় ওসি মুন্নার দূরদর্শী নেতৃত্ব,শৃঙ্খলাবোধ ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তিনি আরও জানান,দায়িত্বশীল উপস্থিতি ও সুপরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে পুরো নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে,যা পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরও সমুন্নত করেছে।
বিশেষ করে ভোটগ্রহণের দিনগুলোতে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন,ঝুঁকিপূর্ণ এলাকায় বাড়তি নজরদারি এবং সাধারণ ভোটারদের আস্থা অর্জনে তাঁর নেতৃত্ব ছিল অত্যন্ত প্রশংসনীয়।
পুলিশ সদর দপ্তরের নির্ধারিত সূচক অনুযায়ী জানুয়ারি মাসে কর্মদক্ষতা,গ্রেপ্তারি পরোয়ানা তামিল,মামলা নিষ্পত্তি,আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদানের জন্যও তাঁকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
ফলে শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা এবং পেশাগত সাফল্যের স্বীকৃতি হিসেবে একই অনুষ্ঠানে দ্বৈত সম্মাননায় ভূষিত হন শ্রীমঙ্গল থানার এই কর্মকর্তা।

