দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকায় গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ঢাকা ও বরিশালে ৬ জন, খুলনায় ২ জন এবং সিলেটে ১ জন রয়েছে। শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত একদিনে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সেখানে নতুন করে ভর্তি হয়েছে ৪৩ জন রোগী।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ২৯ জন। অন্যদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একই সময়ে ভর্তি হয়েছেন আরও ২৯ জন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ৯৭ জন রোগী।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও রোগীর চাপ বাড়ছে। গত একদিনে সেখানে নতুন করে ভর্তি হয়েছেন ৯ জন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৯৯ জন।
এছাড়া খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে জ্বর, শরীরে লালচে দানা, কাশি ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে প্রতিদিন নতুন রোগী ভর্তি হচ্ছে। বাড়তি রোগীর চাপ সামাল দিতে অনেক হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। তবে শয্যা সংকটের কারণে কিছু হাসপাতালে রোগীদের বারান্দায় রেখেও চিকিৎসা দিতে হচ্ছে।

