ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তাসলিমা আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মে) সকালে আখাউড়া রেল সেকশনের মন্দবাগ রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাসলিমা আক্তার উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকার নাগাইস গ্রামের শানু মিয়ার মেয়ে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম সফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস সকাল ১০টার দিকে মন্দবাগ স্টেশন এলাকা অতিক্রম করছিল। এ সময় মানসিক ভারসাম্যহীন ওই নারী রেললাইন পার হতে গেলে চলন্ত ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় বলেও জানান তিনি।

