মো: হুমায়ুন কবির, গৌরীপুর প্রতিনিধি:
আসন্ন মহান মে দিবসকে সামনে রেখে দিবসটি পালনে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা শ্রমিকদলের উদ্যোগে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (বিকাল) গৌরীপুরের নেক্সাস রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় মে দিবসের কর্মসূচি সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ শহীদুল্লাহর সভাপতিত্বে এবং নুরুর ইসলাম নুরুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল ইসলাম খান শহীদ।
বক্তারা বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক। এ দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে শ্রমিকদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় সিদ্ধান্ত হয়, মে দিবসের দিন সকালে গৌরীপুরে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একটি আলোচনা সভায় মিলিত হবে। এছাড়াও বিকেলে জেলা শ্রমিকদলের নির্ধারিত কর্মসূচিতে গৌরীপুর উপজেলা শ্রমিকদলের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ মে দিবসের কর্মসূচি সফল করতে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

