জাবেদ শেখ জেলা প্রতিনিধি শরীয়তপুর:
শরীয়তপুর সদর উপজেলায় মাদকের বিস্তার রোধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় যুবসমাজ। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা এলাকার শতাধিক যুবক অংশ নেন। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য দেন সিজান মোল্লা, মিঠু হাওলাদার, সিফাত হাওলাদারসহ আরও কয়েকজন।
বক্তারা অভিযোগ করেন, জেলা শহরের স্বর্ণঘোষ, চর পালং, রাজগঞ্জ, চৌরঙ্গী, ধানুকা, তুলাসার, মনোহর বাজার, রুদ্রকর, হুগলী, শিল্পকলা এলাকা, আমীনবাগ, পাকার মাথা, আটং, বালুচরা, কোটা পাড়া ও বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। এতে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, মাদকের কারণে এলাকায় চুরি, ছিনতাই ও সামাজিক অপরাধ বাড়ছে। দ্রুত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

