মোঃ শরিফ বিল্লাহ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জুলাই পথযাত্রায় হামলার ঘটনার প্রতিবাদে এবং হামলার বিচার, নিরপেক্ষ তদন্ত ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিতের দাবিতে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জুলাই) বিকেলে এনসিপি ডোমার উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপজেলা, পৌর এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি ডোমার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলার কোনো সুযোগ নেই। হবিগঞ্জের ঘটনাকে তারা গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক সহনশীলতার পরিপন্থী উল্লেখ করে এর নিন্দা ও প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তব্য দেন এনসিপি ডোমার উপজেলা শাখার আহ্বায়ক জাবেদ আলী সরকার, সদস্য সচিব আরিফ বসুনিয়া, পৌর শাখার আহ্বায়ক মাহফুল হোসেন রিপু, সদস্য সচিব কাজলী বেগম এবং জাতীয় যুবশক্তি ডোমার উপজেলা শাখার সদস্য সচিব আবরার হোসেন আলভীসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের অধিকার সংবিধান স্বীকৃত। এ ধরনের হামলা গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। তারা হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এছাড়া বক্তারা দেশে আইনের শাসন, ন্যায়বিচার এবং সব রাজনৈতিক দলের জন্য সমান ও নিরাপদ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাদের মতে, ভিন্নমত দমনের পরিবর্তে গণতান্ত্রিক অধিকার ও পারস্পরিক সহনশীলতার সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমেই একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
কর্মসূচিতে এনসিপি ডোমার উপজেলা ও পৌর শাখার নেতাকর্মী, অঙ্গ-সহযোগী সংগঠনের সদস্য এবং বিভিন্ন পর্যায়ের সমর্থকেরা উপস্থিত ছিলেন।

