জাহাঙ্গীর আলম, মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের ধল্যা এলাকায় মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাত যুবকের (প্রায় ২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই ২০২৬) সকালে যমুনামুখী সার্ভিস লেনের পাশে, সাদিক টেক্সটাইলের বিপরীত দিক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সড়কের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে নিহতের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

