ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম একটি ফেসবুক পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক নারীর বক্তব্যকে ঘিরে প্রশ্ন তুলেছেন— এমন মন্তব্যের কারণে মামলা বা গ্রেফতার হলে তা বাকস্বাধীনতার লঙ্ঘন হিসেবে গণ্য হবে কি না।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি সুমাইয়া বান্না নামের একটি অ্যাকাউন্টের পোস্টের স্ক্রিনশট শেয়ার করে এ বিষয়ে মত দেন।
পোস্টে মানসুরা আলম বলেন, নারীর ক্ষমতায়নের পথে এখন সবচেয়ে বড় বাধা পুরুষ নয়, বরং রাজনীতিতে যুক্ত কিছু নারী, যারা অন্য নারীদের এগিয়ে যাওয়ার পথ সংকুচিত করছেন। তার দাবি, নারীর ক্ষমতায়নের কথা বলা হলেও বাস্তবে কিছু গোষ্ঠী নারী শক্তিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে।
তিনি আরও উল্লেখ করেন, এসব নারীর মানসিকতা ও দৃষ্টিভঙ্গি অনেক ক্ষেত্রেই পুরুষতান্ত্রিক চিন্তার চেয়েও কঠোর। এর ফলে কর্মজীবী নারীদের হেয় করা হয়, অথচ প্রকাশ্যে নারী শক্তির নামে ভিন্ন বার্তা দেওয়া হয়।
মানসুরা আলম বলেন, তিনি বরাবরই এ ধরনের রাজনৈতিক অবস্থানের বিরোধিতা করে আসছেন এবং নারীদের শক্তিকে কোনো বিশেষ গোষ্ঠীর নিয়ন্ত্রণে নেওয়ার প্রচেষ্টার সমালোচনা করেন।
এই পোস্টের মাধ্যমে তিনি মূলত মতপ্রকাশের স্বাধীনতা এবং সামাজিক বক্তব্যের সীমা নিয়ে নতুন করে আলোচনা উসকে দিয়েছেন।

