যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। দক্ষিণ ফ্লোরিডার মিয়ামি-ডেড এবং ব্রোওয়ার্ড কাউন্টিতে ছড়িয়ে পড়া আগুনে এখন পর্যন্ত ৭ হাজার একরেরও বেশি ভূমি পুড়ে গেছে।
স্থানীয় সূত্র ও ফ্লোরিডা ফরেস্ট সার্ভিস জানিয়েছে, “ম্যাক্স রোড ফায়ার” নামে পরিচিত এই দাবানলটি রোববার (১০ মে) শুরু হয় এবং সোমবার (১১ মে) পর্যন্ত তা দ্রুত বিস্তার লাভ করে। এতে পুরো এলাকার আকাশ ঘন ধোঁয়ায় ঢেকে যায়।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বিপুলসংখ্যক কর্মী কাজ করছে। পাশাপাশি হেলিকপ্টার থেকে পানি ও রাসায়নিক ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। ইতোমধ্যে প্রায় ৬৫০টিরও বেশি বাড়ির আশপাশে সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
দাবানলটি ইউএস-২৭ মহাসড়কের পশ্চিমাঞ্চল ও নর্থ ক্রোম অ্যাভিনিউ এলাকায় বেশি সক্রিয় বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি ঝুঁকিপূর্ণ থাকায় স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে।
ধোঁয়ার কারণে আশপাশের এলাকায় বায়ুর মান খারাপ হয়ে গেছে। শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টে আক্রান্তদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় চালকদেরও সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে পুলিশ।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী দিনগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকায় আগুন নিয়ন্ত্রণে কিছুটা সহায়তা মিলতে পারে বলে আশা করা হচ্ছে।

