সরকার সংবিধান সংস্কার নয়, বরং সংবিধান সংশোধনের পক্ষে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ বিষয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই।
শুক্রবার (১৭ জুলাই) সকালে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকার কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি; বরং প্রয়োজনীয় সংশোধনের কথাই বলে এসেছে। তাই এ বিষয়ে ভুল ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল ওই সনদে স্বাক্ষর করলেও গণভোটসংক্রান্ত বিষয় এবং উচ্চ কক্ষ গঠনের প্রস্তাবে বিএনপি একমত ছিল না। তার ভাষ্য, সনদে প্রতিটি দল নিজ নিজ নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করবে বলে উল্লেখ রয়েছে, কিন্তু সেটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে।
মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তুলে তিনি বলেন, বাংলাদেশে রাজনৈতিক সংস্কারের সূচনা বিএনপির হাত ধরেই হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের বিধানও বিএনপির উদ্যোগেই সংসদে পাস হয়েছিল বলে দাবি করেন তিনি।
বিরোধী দলের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, জুলাই আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা চলছে, তবে বিএনপি তা হতে দেবে না।
বিশ্ব পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক অস্থিরতার মধ্যেও বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিএনপির হাজারো নেতাকর্মী মামলা, গুম ও হত্যার শিকার হয়েছেন।

