আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি:
টানা বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী নিম্নাঞ্চলে পানি বাড়তে শুরু করেছে।
সোমবার ভোর থেকে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আখাউড়া-আগরতলা সড়কের দুই পাশের কালিকাপুর, বীরচন্দ্রপুর, আবদুল্লাহপুর, বঙ্গেরচর, রহিমপুর, সাহেবনগর, আদমপুরসহ আশপাশে নিন্ম এলাকায় পানি বাড়ছে।
এছাড়া আখাউড়া স্থলবন্দর সংলগ্ন কালন্দি খালে পানি বেড়ে বন্দরের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকেছে। তবে স্বাভাবিক রয়েছে স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম।
আকস্মিক এ পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। বৃষ্টি না হলে দ্রুত পানি কমে যাবে। এদিকে পানি বৃদ্ধিতে কৃষক ও মৎস্য চাষিদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েক দিন ধরে টানা বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি স্থলবন্দর সংলগ্ন কালন্দি খাল ও জাজি নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করায় নিন্ম এলাকায় পানি বাড়ছে। ইতিমধ্যে নিন্মঞ্চলের কয়েকটি বাড়িতে পানি উঠেছে।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া বলেন, ভোর থেকে অতিরিক্ত বৃষ্টি ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি প্রবেশ করায় নিন্মাঞ্চলে বাড়ছে পানি। দুপুরের পর নিন্মঞ্চল থেকে অনেকটাই পানি কমতে শুরু করেছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। আশা করছি আর বৃষ্টি না হলে পানি কমে যাবে।

