এস,কে রাসেল দৌলতপুর মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার যমুনা তীরবর্তী বাঁচামারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে একটি মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে থাকা আটটি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ যন্ত্রপাতি ও মালামাল ধ্বংস হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
রোববার (১২ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঁচামারা বাজারের বিবিসি কলেজ মার্কেট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রবল বৃষ্টির মধ্যেই মার্কেট থেকে হঠাৎ আগুনের শিখা দেখা যায়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা বালতির পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। একই সময়ে বৃষ্টির তীব্রতা বেড়ে যাওয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের বিস্তার রোধ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
আগুনে ঠান্ডু মিয়ার মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার, মামুন মিয়ার এনজিও অফিস, লাল চাঁদের হোটেল, মাজেদের হোটেল, বাবুল ডাক্তারের হোটেল, সানু মিয়ার চানাচুরের দোকানসহ মোট সাতটি প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত গ্যারেজ মালিক ঠান্ডু মিয়া জানান, সার্ভিসিংয়ের জন্য রাখা বিভিন্ন গ্রাহকের আটটি মোটরসাইকেল, এয়ার কম্প্রেসার, গ্যাস ওয়েল্ডিং মেশিন এবং অন্যান্য মূল্যবান যন্ত্রপাতি আগুনে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
অপর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও এনজিও পরিচালনাকারী মোহাম্মদ মামুন মিয়া বলেন, অফিসে সংরক্ষিত গ্রাহকদের সঞ্চয়ের অর্থ, নগদ টাকা, আসবাবপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র আগুনে পুড়ে গেছে। এতে প্রতিষ্ঠানটির কার্যক্রমও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্টরা কাজ করছেন।

