জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিম আকরামসহ ছয়জন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীসহ মোট ২২ জনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় অভিযুক্তদের মধ্যে ফজলে করিম চৌধুরীসহ পাঁচজন বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি আসামিরা পলাতক। মামলার সাক্ষ্যগ্রহণ আগামী ৬ আগস্ট থেকে শুরু হবে।
এর আগে, গত তিন কার্যদিবস ধরে অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আসামিপক্ষ শুনানি করে। শুনানি শেষে ট্রাইব্যুনাল বিচার শুরুর বিষয়ে আদেশ দেন।
মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় প্রসিকিউশন গত ৫ এপ্রিল ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) জমা দেয়। পরে ৭ এপ্রিল ট্রাইব্যুনাল তিনটি অভিযোগে ২২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়। সর্বশেষ ২২ জুন প্রসিকিউশন প্রাথমিকভাবে অভিযোগের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানায়।

