বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনাসহ আটটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় হাসানুল হক ইনু আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বিচারিক কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ইনুর বিরুদ্ধে তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ১১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন প্রধান প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেওয়া হয়।
পরে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন। অভিযোগ গ্রহণের পর সেদিনই ইনুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল-২।
পরবর্তী সময়ে উভয় পক্ষের শুনানি শেষে গত ২ নভেম্বর আটটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দেন আদালত। সেই বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার মামলার রায় ঘোষণা করা হয়।

