যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সতর্ক করে বলেছেন, ইরান যদি সদ্য হওয়া শান্তি সমঝোতার শর্তগুলো পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে ওয়াশিংটন আবারও সামরিক অভিযান শুরু করতে পারে এবং কঠোর নৌ-অবরোধ আরোপের জন্য প্রস্তুত রয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান যদি চুক্তির শর্ত অনুযায়ী কাজ না করে, তাহলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে পিছপা হবে না।
হেগসেথ আরও বলেন, ইরান যদি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়, তাহলে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী এলাকায় কঠোর নৌ-অবরোধ আরোপের সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে।
সম্প্রতি কয়েক দফা কূটনৈতিক আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা হয়েছে। তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

