জাতিসংঘ জানিয়েছে, বাংলাদেশ-ভারত সীমান্তে ‘পুশইন’ সংক্রান্ত মানবিক সংকটের বিষয়টি দুই দেশের আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত এবং সেখানে মানবাধিকার ও মানবিক মর্যাদা অবশ্যই রক্ষা করতে হবে।
বুধবার (১৭ জুন) নিউইয়র্কে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা বলেন।
তিনি বলেন, সীমান্তে যেসব নারী ও শিশু মানবিক সংকটে পড়েছে, তাদের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের বিষয় রাজনৈতিক বা নিরাপত্তাগত দৃষ্টিভঙ্গির পাশাপাশি মানবিক দিক বিবেচনায় নিয়ে সমাধান করা জরুরি।
এ সময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, এই সমস্যা সমাধানে সবচেয়ে কার্যকর পথ হলো বাংলাদেশ ও ভারতের মধ্যে সরাসরি সংলাপ।
রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদ এবং মহাসচিবের ভূমিকা নির্ধারিত কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং রোহিঙ্গা সংকট সমাধানে চলমান কার্যক্রম অব্যাহত রয়েছে।

