তামিলনাড়ুতে একটি সরকারি টেন্ডার প্রক্রিয়া ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিরোধী দল দ্রাবিড় মুন্নেত্র কাজাগাম (ডিএমকে) অনিয়মের অভিযোগ তোলার কয়েক ঘণ্টার মধ্যেই একটি সরকারি চুক্তি বাতিল করেছে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সরকার। বিষয়টি নিয়ে খবর প্রকাশ করেছে এনডিটিভি।
প্রতিবেদন অনুযায়ী, থুথুকুডি জেলার একটি গ্রামে ৩ হাজার লিটারের ওভারহেড পানির ট্যাংক নির্মাণের জন্য ১৬.৮৩ লাখ রুপির একটি টেন্ডার গত ১৯ মে চূড়ান্ত হয়। তবে পুরো প্রক্রিয়ার সময়সূচি নিয়ে প্রশ্ন ওঠে।
নিয়ম অনুযায়ী, ১৩ মে থেকেই ঠিকাদারদের টেন্ডার সংক্রান্ত তথ্য পাওয়ার কথা থাকলেও বাস্তবে ১৮ মে সকাল ৯টায় টেন্ডার উন্মুক্ত করা হয় এবং মাত্র ছয় ঘণ্টার মধ্যে বিকাল ৩টায় তা বন্ধ করা হয়। পরদিন বিকাল ৪টায় একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়, যা নিয়ে শুরু হয় ব্যাপক সমালোচনা।
চাপের মুখে সরকার ‘প্রশাসনিক কারণ’ দেখিয়ে টেন্ডারটি বাতিল করে এবং তদন্তের স্বার্থে দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
ডিএমকে এই ঘটনাকে ‘পরিকল্পিত অনিয়ম’ বলে অভিযোগ করে বলছে, নির্দিষ্ট একটি কোম্পানিকে সুবিধা দিতেই পুরো প্রক্রিয়া সাজানো হয়েছিল। তাদের দাবি, এত অল্প সময়ে কোনো প্রতিষ্ঠানের পক্ষে বিস্তারিত প্রকল্প প্রস্তাব প্রস্তুত করা বাস্তবে সম্ভব নয়।
এ নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। অন্যদিকে টিভিকে সরকার এর আগে আরও কিছু সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মুখে পড়েছিল, যদিও কিছু উদ্যোগ ইতিবাচকভাবেও আলোচিত হয়েছে।

