প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, মার্কিন বিনিয়োগ, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি, খাদ্য নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সার্জিও গর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসছে। তিনি জানান, এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য বিদ্যমান ভ্রমণ-সতর্কতা ইতিবাচকভাবে সংশোধন করেছে, যা মার্কিন বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা দেবে। আগামী মাসে ইউএস–বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধিদলের বাংলাদেশ সফর নিয়েও আলোচনা হয়।
বৈঠকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) সঙ্গে বাংলাদেশের সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়। সার্জিও গর বাংলাদেশে এফডিএর পরীক্ষামূলক কার্যক্রম পুনরায় শুরু করতে সহায়তার আশ্বাস দেন।
এছাড়া যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন কর্পোরেশনের (ডিএফসি) মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়। প্রধানমন্ত্রী বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। জবাবে সার্জিও গর বলেন, ডিএফসির বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণে যুক্তরাষ্ট্র ইতিবাচকভাবে কাজ করবে। পাশাপাশি ঢাকায় একটি মার্কিন বিনিয়োগকারী সম্মেলন আয়োজনের উদ্যোগ নিয়েও আলোচনা হয়।
প্রধানমন্ত্রী গুদামজাতকরণ, সয়াবিন, তুলা, গম এবং কৃষিখাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের সম্ভাবনার কথাও তুলে ধরেন। এ বিষয়ে সার্জিও গর বলেন, তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এবং ভবিষ্যতে একটি আন্তর্জাতিক প্রযুক্তি উদ্যোগে অংশীদার হওয়ার সুযোগও তৈরি হতে পারে।
বৈঠকে রোহিঙ্গা সংকটও গুরুত্ব পায়। সার্জিও গর কক্সবাজারের রোহিঙ্গা শিবির সফরের অভিজ্ঞতা তুলে ধরে শরণার্থীদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী এ সময় রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের আর্থিক ও মানবিক সহায়তার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।
সার্জিও গর বলেন, রোহিঙ্গা সংকটের দ্রুত, টেকসই ও রাজনৈতিক সমাধানে আসিয়ান, প্রতিবেশী দেশ এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ জরুরি।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও রেহান আসিফ আসাদ, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুর রহমান এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

