শাওন বেপারী, শরীয়তপুর প্রতিনিধি;
শরীয়তপুরের জাজিরা উপজেলার কৃষকলীগের সহ-সভাপতি হারুন অর রশিদ সারেংকে গ্রেপ্তার করেছে জাজিরা থানা পুলিশ। তিনি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ জানায়, শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা থানার একটি বিশেষ দল উপজেলার বিলাসপুর ইউনিয়নের সারেং কান্দি এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে হারুন অর রশিদ সারেংকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হারুন অর রশিদ সারেং জাজিরা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হারুন অর রশিদ সারেং দীর্ঘদিন ধরে জাজিরা উপজেলা কৃষকলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। পুলিশের তথ্যমতে, সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ তার বিরুদ্ধে জাজিরা থানায় মোট ১৮টি মামলা রয়েছে।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ্ আহাম্মদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত আসামি হারুন অর রশিদ সারেংকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জাজিরা থানায় মোট ১৮টি মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

