বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২৫ এপ্রিল) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে। তালিকাভুক্ত দেশগুলোর অভিবাসীদের মধ্যে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এই সিদ্ধান্ত পর্যটক, শিক্ষার্থী ও অন্যান্য অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে ভ্রমণ, পড়াশোনা বা স্বল্পমেয়াদি সফরের ভিসা কার্যক্রম স্বাভাবিক থাকবে।
প্রকাশিত তথ্যে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মনে করে অভিবাসীদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া প্রয়োজন, যাতে তারা যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর বোঝা হয়ে না দাঁড়ায়।
স্টেট ডিপার্টমেন্ট বর্তমানে সব ধরনের যাচাইকরণ ও স্ক্রিনিং নীতি পুনর্মূল্যায়ন করছে। এর লক্ষ্য হলো, উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর নাগরিকরা যেন যুক্তরাষ্ট্রে গিয়ে বেআইনিভাবে কল্যাণমূলক সুবিধা গ্রহণ করতে না পারে।
২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে বাংলাদেশ, পাকিস্তান, ভারতীয় উপমহাদেশের কয়েকটি দেশসহ আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার বহু দেশ অন্তর্ভুক্ত রয়েছে।
এ সিদ্ধান্তে বাংলাদেশি নাগরিকদের মধ্যে যারা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনায় ছিলেন, তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

