শাহজাহান আলী মনন সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত ক্রিকেট একাডেমির পাশে দাঁড়ালো উপজেলা প্রশাসন। বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একাডেমির কোচের হাতে নতুন অনুশীলন নেট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এসএম আলী রেজা রাজু, সাবেক জাতীয় খেলোয়াড় মোক্তার সিদ্দিকী, ক্রীড়া অনুরাগী এহতেশামুল হক সানিসহ খেলোয়াড়রা। উপজেলা প্রশাসন আশা প্রকাশ করেন এই সহায়তার ফলে এলাকার ক্রীড়া পরিবেশ আবার প্রাণবন্ত হয়ে উঠবে।
জানা যায়, সম্প্রতি কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল সৈয়দপুর শহরের ন্যাশনাল ক্রিকেট একাডেমির অনুশীলন মাঠ। ভেঙে পড়েছিল প্র্যাকটিসের নেট ও খুঁটি। ফলে ওই একাডেমির ক্রিকেটারদের অনুশীলন পুরোপুরি বন্ধ হয়ে যায়। সেই ক্ষতি কাটিয়ে উঠতে একাডেমির পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
একাডেমির কোচ নওশাদ ও হ্যাপি বলেন, ঝড়ের পর মাঠের যে অবস্থা হয়েছিল, তাতে আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম। নতুন এই নেট পাওয়ায় ছেলেরা আবারো মাঠে ফিরতে পারবে এবং তাদের নিয়মিত অনুশীলন শুরু করতে পারবে। উপজেলা প্রশাসন এই বিপদে আমাদের পাশে দাঁড়ানোয় তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

