কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম অক্ষর সৌভিক রায় (৩১)। তিনি খুলনা সদরের বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে।
শনিবার (১ আগস্ট) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নয় বন্ধুর সঙ্গে কক্সবাজারে ঘুরতে যান অক্ষর সৌভিক রায়। পরে দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় হঠাৎ তিনি সমুদ্রে ছিটকে পড়ে যান। পরে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনার পর পর্যটকের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল জানান, দুপুর ২টা ১০ মিনিটের দিকে অক্ষরকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে পানিতে পড়ে ডুবে যাওয়ার কারণেই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, দরিয়ানগর এলাকার একটি প্যারাসেইলিং প্রতিষ্ঠানে এর আগেও কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

