শরণখোলা উপজেলা প্রতিনিধি:
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামে দীর্ঘদিনের ভাঙাচোরা আধা পাকা সড়কটি অবশেষে সম্পূর্ণ পিচ ঢালাই করা হয়েছে। সোনাতলা তজু মিয়ার স্লুইসগেট থেকে তাফালবাড়ি বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে।
স্থানীয়দের অভিযোগ ছিল, বছরের পর বছর ধরে সড়কটি খানা-খন্দে ভরা থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো। বর্ষা মৌসুমে কাদা ও পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত। এতে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হতো।
সম্প্রতি সড়কটি পুরোপুরি পিচ ঢালাই হওয়ায় এখন যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। স্থানীয়রা জানান, এই সড়ক সংস্কারের ফলে সময় ও খরচ দুটোই কমেছে এবং এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে।
এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই উন্নয়ন তাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব করেছে। তারা আশা করেন, ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।

