মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে মায়ের সঙ্গে সামান্য অভিমানকে কেন্দ্র করে ওড়নায় ফাঁস দিয়ে প্রাণ হারিয়েছে তাইয়্যেবা (১৪) নামের এক কিশোরী। রোববার (২৬ এপ্রিল) রাতে পৌরসভার পীরবাড়ি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত তাইয়্যেবা নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামের উজ্জ্বল মিয়ার মেয়ে। তারা সপরিবারে পীরবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় রোববার বিকেলে বাসার সামনে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করার সময় তাইয়্যেবার ঝগড়া হয়।সে বাসায় ফিরে মায়ের কাছে এ বিষয়ে অভিযোগ করেন।
মা তাকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেন। তাইয়্যেবা মায়ের নিষেধ অমান্য করে চেচামেচি করার মা একপর্যায়ে, তাকে শাসন করতে গিয়ে চড় মারলে তাইয়্যেবা প্রচণ্ড ক্ষুব্ধ ও অভিমানে পরিবারের অগোচরে বাসার বারান্দায় নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান”প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

