দেশজুড়ে চলমান বিদ্যুৎ সংকট শিগগিরই কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (২৭ এপ্রিল) রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আশার কথা জানান।
সিপিডি আয়োজিত বাংলাদেশ–চীন নবায়নযোগ্য জ্বালানি ফোরামে মন্ত্রী বলেন, আগামী সপ্তাহ থেকেই দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি শুরু হবে এবং লোডশেডিং ধীরে ধীরে কমে আসবে।
তিনি আরও জানান, সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করা। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় আমদানি ব্যয় বাড়ছে এবং এতে অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে।
বর্তমানে বিদ্যুৎ খাতে বড় অঙ্কের বকেয়া রয়েছে বলেও উল্লেখ করেন তিনি, যা সংকট ব্যবস্থাপনায় প্রভাব ফেলছে।
অনুষ্ঠানে বিদ্যুৎ খাতকে পরিবেশবান্ধব করতে ব্যাটারি উৎপাদন ও আমদানিতে বিশেষ শুল্ক সুবিধার কথা তুলে ধরে সংশ্লিষ্টরা জানান, এসব উদ্যোগ দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।

