সত্যজিৎ দাস, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সরকারি কলেজের বিভিন্ন সমস্যা সমাধান ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, মৌলভীবাজার সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজ অধ্যক্ষের কাছে ৮ দফা দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (১১ মে ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মনসুর আলমগীরের নিকট এ স্মারকলিপি প্রদান করা হয়। কলেজ শাখার সংগঠক রাজিব সূত্রধর স্বাক্ষরিত স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, কলেজ সংগঠক হিরণ আহমেদ, ইমতিয়াজ আহমেদ, সবুজ শর্মা, পূজা দেব, তৃষা দেবনাথ, অসীম দেব, রিমা সূত্রধর, অর্পা দেবনাথসহ কলেজ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপি গ্রহণের পর অধ্যক্ষ প্রফেসর মোঃ মনসুর আলমগীর শিক্ষার্থীদের দাবিগুলোর বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। তিনি দ্রুত সময়ের মধ্যে কলেজে ক্যান্টিন নির্মাণ, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন এবং মেডিকেল সার্ভিস চালুর আশ্বাস দেন। পাশাপাশি অন্যান্য দাবিগুলো বাস্তবায়নের ক্ষেত্রেও সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানান।
স্মারকলিপি প্রদান শেষে ছাত্রফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে কলেজের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন অধ্যক্ষ। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
স্মারকলিপিতে উত্থাপিত ৮ দফা দাবির মধ্যে ছিল ক্লাসরুম ও শিক্ষক সংকট নিরসন, কেন্দ্রীয় গ্রন্থাগার ও বিভাগীয় সেমিনারের আধুনিকায়ন, হল সংস্কার ও রিডিং রুম স্থাপন, ওয়াইফাই সুবিধা চালু, ক্যান্টিন নির্মাণ, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, এমবিবিএস ডাক্তার নিয়োগের মাধ্যমে মেডিকেল সেন্টার চালু, পর্যাপ্ত কলেজ বাস চালু এবং মৌলভীবাজার সরকারি কলেজ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি।

