শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি বাড়াতে প্রয়োজন হলে উপবৃত্তির পরিমাণ বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর রিং রোডের বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেবে। উপবৃত্তি বাড়ানোর প্রয়োজন হলে সেটিও বিবেচনায় রাখা হবে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী কেন্দ্র ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। তিনি পরীক্ষার সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।
ববি হাজ্জাজ আরও বলেন, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে। শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব রাখে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
তিনি জানান, অন্তর্বর্তী সরকারের নীতিমালার আওতায় এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং আগে বন্ধ থাকা কার্যক্রমটি পুনরায় চালু করা হয়েছে।

