বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে বর্তমান সরকার সচেতনভাবে কাজ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে মাগুরা-১ আসনের সরকারি দলের সদস্য মনোয়ার হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা চিহ্নিত করে তা প্রত্যাহারের জন্য সরকার ইতোমধ্যে কার্যকর উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হয়েছে।
তিনি জানান, চলতি বছরের ৫ মার্চ জেলা প্রশাসকের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। এই কমিটির সুপারিশের ভিত্তিতে পর্যালোচনার জন্য ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
কেন্দ্রীয় কমিটি জেলা পর্যায় থেকে পাওয়া সুপারিশ যাচাই-বাছাই করে মামলা প্রত্যাহারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে বলেও জানান তিনি।
আইনমন্ত্রী আরও বলেন, হত্যা মামলা ছাড়া অন্যান্য রাজনৈতিকভাবে হয়রানিমূলক মামলা যথাযথ আবেদন ও যাচাইয়ের ভিত্তিতে প্রত্যাহারের সুযোগ রয়েছে। জেলা ও কেন্দ্রীয় কমিটি যৌথভাবে এসব বিষয় পর্যালোচনা করছে।
তিনি জোর দিয়ে বলেন, সরকার ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত ও হয়রানিমূলক মামলা থেকে প্রতিকার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

