সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের আঈ গ্রামে যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক এম. ইদ্রিস আলীর বসতঘরে সংঘটিত চুরির ঘটনায় কেয়ারটেকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে চুরি হওয়া প্রায় দুই লাখ টাকা মূল্যের বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,প্রবাসী সাংবাদিক এম. ইদ্রিস আলীর বাড়ির দেখভালের দায়িত্বে ছিলেন দীপেন গোয়ালা। দীর্ঘদিন ধরে তিনি বাড়িটির তত্ত্বাবধান করে আসছিলেন। সম্প্রতি বসতঘর থেকে মূল্যবান মালামাল চুরির ঘটনা প্রকাশ্যে এলে বিষয়টি শ্রীমঙ্গল থানায় জানানো হয়।
এর পরিপ্রেক্ষিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের নির্দেশনায় এসআই মো. মহিবুর রহমানের নেতৃত্বে একটি পুলিশ দল শনিবার (৬ জুন) রাত প্রায় ১০টার দিকে অভিযান চালিয়ে দীপেন গোয়ালাকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি চুরির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অপর সহযোগী কাশেম আলীর বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া প্রায় দুই লাখ টাকা মূল্যের বিভিন্ন মালামাল উদ্ধার করে।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পেনাল কোড ১৮৬০-এর ৩৮১ ও ৪১১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১১ এবং দায়েরের তারিখ ৭ জুন ২০২৬।
শ্রীমঙ্গল থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং উল্লেখযোগ্য পরিমাণ মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। অবশিষ্ট মালামাল উদ্ধারের পাশাপাশি মামলার অপর পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

