সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৭ জুন) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শ্রীমঙ্গল বাজার এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে অংশ নেয় র্যাব-৯-এর সিপিসি-২,শ্রীমঙ্গল ক্যাম্প এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার কার্যালয়।
অভিযান সূত্রে জানা যায়,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পণ্যের মূল্যতালিকা প্রদর্শন এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি বাধ্যতামূলক। কিন্তু এসব বিধান লঙ্ঘনের অভিযোগে শ্রীমঙ্গল বাজারের ‘গনেশ্বরী টি অ্যান্ড ট্রেডিং’-এর মালিক বিজন পালকে ২ হাজার টাকা এবং ‘মিরাত মিয়া ফল ভান্ডার’-এর মালিক খোকন মিয়াকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৩৭ ও ৪৫ ধারায় এ জরিমানা আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
র্যাব জানায়,ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান চলমান রয়েছে।
র্যাব-৯,সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

