হৃদয় চন্দ্র দাস, বিশেষ প্রতিনিধি :
প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্বনির্ধারিত পথসভায় ডিবি পুলিশ পাঠিয়ে মাইক খুলে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে জেলার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানের বিরুদ্ধে। তবে উপস্থিত হাজার হাজার নেতাকর্মীর তীব্র প্রতিরোধের মুখে পুলিশ মাইক রেখে সভাস্থল ত্যাগ করতে বাধ্য হয়। গত শনিবার (১৬ মে) সকালে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেন যে, পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশেই এই ঘটনা ঘটেছে। ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করে তিনি বলেন, “শনিবার চাঁদপুরে মাননীয় প্রধানমন্ত্রীর একটি নির্ধারিত কর্মসূচি ছিল। যেহেতু তিনি আমার নির্বাচনী এলাকার ওপর দিয়ে যাবেন, তাই কয়েকদিন আগে সচিবালয়ে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে আমি তাকে আমার এলাকায় একটি সংক্ষিপ্ত পথসভা করার অনুরোধ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বস্ত করার পরই আমি মুদাফফরগঞ্জ বাজারে সভামঞ্চ প্রস্তুত করি।”
তিনি আরও জানান, শনিবার সকালে পথসভা শুরুর আগে হঠাৎ কুমিল্লার এসপি সাহেবের নির্দেশে ডিবি পুলিশের একটি দল সভামঞ্চ থেকে মাইক খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় ডিবি পুলিশ জানায়, তারা এসপির আদেশে এই কাজ করছে। উপস্থিত হাজার হাজার নেতাকর্মী তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুললে ডিবি পুলিশ একপর্যায়ে মাইক রেখে চলে যেতে বাধ্য হয়।
সংসদ সদস্য আবুল কালাম পুলিশ সুপারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, “যতটুকু শুনেছি, কুমিল্লার বর্তমান এসপি সাহেব বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একজন প্রভাবশালী পুলিশ কর্মকর্তা ছিলেন।” তিনি ইতিমধ্যে দলীয় হাইকমান্ডকে পুরো বিষয়টি অবহিত করেছেন বলে জানান।
মাইক খুলে নেওয়া এবং পথসভায় বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি জানান, পুলিশের বিরুদ্ধে ওঠা এই অভিযোগটি সঠিক নয়।
উল্লেখ্য, গত শনিবার (১৬ মে) প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে একাধিক সরকারি ও দলীয় কর্মসূচিতে অংশ নেন। সেখানে তিনি দুটি খাল খনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ডের উদ্বোধন ও একটি বিশাল জনসভায় বক্তব্য রাখেন।
চাঁদপুর যাওয়ার পথে তিনি কুমিল্লায় দুটি পথসভায় অংশ নেন। দুপুর ১টার দিকে লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারে প্রথম পথসভাটি অনুষ্ঠিত হয়, যেখানে প্রধানমন্ত্রী প্রায় আড়াই মিনিট বক্তব্য রাখেন। অপর পথসভাটি অনুষ্ঠিত হয় বরুড়া উপজেলার লক্ষীপুর বাজার সংলগ্ন স্কুল মাঠে। মুদাফফরগঞ্জে সকালের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরও নির্ধারিত সময়েই প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত পথসভাটি সফলভাবে সম্পন্ন হয়।

