ফুলবাড়ী-তে প্রাইভেট পড়তে যাওয়ার পথে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত এক যুবককে আটক করা হয়, পরে পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।
ঘটনাটি ঘটে নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল এলাকায়। অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার সকালে স্কুলছাত্রী সাইকেলে করে প্রাইভেট পড়তে যাওয়ার সময় চরগোরকমন্ডল সেতুর কাছে এক যুবক তার পথরোধ করে মুখ চেপে ধরে পাশের ভুট্টাক্ষেতে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণের চেষ্টা চালায়।
ছাত্রীটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গেলে অভিযুক্ত পালানোর চেষ্টা করে, তবে জনতা তাকে আটক করে। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
আটক ব্যক্তির নাম জেলানী মিয়া (২৫) বলে জানা গেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
ফুলবাড়ী থানা জানিয়েছে, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এবং অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

