ফিফা ফুটবল বিশ্বকাপের আসন্ন আসরের জন্য দল ঘোষণার আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এবারই প্রথম ৪৮টি দলের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে এই মহাযজ্ঞ।
ফিফার নির্দেশনা অনুযায়ী, আগামী ২ জুন আনুষ্ঠানিকভাবে ৪৮টি দেশের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করা হবে। কোনো দেশ চাইলে ২ জুনের আগেই তাদের দলের তালিকা প্রকাশ করতে পারবে। তবে ফিফার আনুষ্ঠানিক অনুমোদনের আগে সেটিকে দাপ্তরিকভাবে চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে না।
অংশগ্রহণকারী দলগুলোর জন্য কিছু বিশেষ নিয়ম বেধে দিয়েছে ফিফা। প্রতিটি দলকে প্রথমে ৩৫ থেকে ৫৫ সদস্যের একটি প্রাথমিক স্কোয়াড ফিফায় জমা দিতে হবে। তবে নিরাপত্তার খাতিরে ফিফা এই তালিকা জনসমক্ষে প্রকাশ করবে না। প্রাথমিক তালিকা থেকে ছেঁটে শেষ পর্যন্ত ২৩ থেকে ২৬ সদস্যের চূড়ান্ত দল নির্বাচন করতে হবে। গোলরক্ষক প্রতিটি দলের চূড়ান্ত স্কোয়াডে অন্তত তিনজন গোলরক্ষক রাখা বাধ্যতামূলক।
আগামী ১১ জুন থেকে মাঠে গড়াবে বিশ্বকাপের আসর। ২০২৬ সালের এই মেগা আসরটি যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টটি ফুটবল ইতিহাসের বৃহত্তম আসর হতে যাচ্ছে।

