সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নে গর্ভবতী মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে এবং প্রাতিষ্ঠানিক (সরকারি হাসপাতালে) স্বাভাবিক প্রসবে উৎসাহিত করার লক্ষ্যে দুটি স্থানে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনের দিকনির্দেশনায় ইউনিয়নের জঙ্গলবাড়ি চা বাগান হাসপাতাল এবং আশিদ্রোন পরিবার কল্যাণ কেন্দ্র (এফডব্লিউসি)-তে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে গর্ভকালীন (এএনসি) সেবা গ্রহণ,দক্ষ স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে প্রসব এবং প্রসব-পরবর্তী সেবা গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
জঙ্গলবাড়ি চা বাগান হাসপাতালের সমাবেশে ২৪ জন গর্ভবতী মা অংশ নেন। সেখানে তাদের প্রাতিষ্ঠানিক প্রসবের প্রয়োজনীয়তা,গর্ভকালীন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা,পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে কাউন্সেলিং করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী মো. এহসানুল হক,স্বাস্থ্য সহকারী নিপা আচার্য্য এবং কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নাহিদা বেগম।
অপরদিকে আশিদ্রোন পরিবার কল্যাণ কেন্দ্র (এফডব্লিউসি)-তে আয়োজিত মা সমাবেশে উপস্থিত ছিলেন চিকিৎসক ডা. অনির্বাণ দেব, স্বাস্থ্য পরিদর্শক মাহবুবুর রহমান,উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) তারেক রহমান,সিএইচসিপি মনি চক্রবর্তী এবং স্বাস্থ্য সহকারী মিতালী শর্মা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন,”মা ও নবজাতকের মৃত্যুঝুঁকি কমাতে প্রত্যেক গর্ভবতী মায়ের নিয়মিত গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা,দক্ষ স্বাস্থ্যকর্মীর তত্ত্বাবধানে হাসপাতালে প্রসব এবং প্রসব-পরবর্তী সেবা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি সরকারি স্বাস্থ্যসেবার সুযোগ গ্রহণ করতে হবে।”
ডা. অনির্বাণ দেব বলেন,”গর্ভাবস্থায় কোনো ধরনের জটিলতা দেখা দিলে দেরি না করে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। সময়মতো চিকিৎসা ও হাসপাতালে প্রসব নিশ্চিত করা গেলে মা ও নবজাতক উভয়ের সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব।”
উল্লেখ্য,শ্রীমঙ্গল উপজেলার ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নের আয়তন প্রায় ২২ বর্গমাইল। ইউনিয়নে ৪৪টি গ্রামে ৩৬ হাজার ৯৮০ জনেরও বেশি মানুষের বসবাস। ইউনিয়নের মা ও শিশুস্বাস্থ্য সেবার মানোন্নয়ন এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের এমন সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

