রিজওয়ান, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সদর উপজেলায় ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে ধারালো হাঁসুয়াসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর এলাকার বাসিন্দা সুলতানা রাজিয়া তার মাকে সঙ্গে নিয়ে লোহার রড কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় বাড়ির মূল ফটকে তালা লাগানোর মুহূর্তে স্থানীয় চিহ্নিত ছিনতাইকারী আ. আলীম (৫০) ধারালো হাঁসুয়া প্রদর্শন করে ভয়ভীতি সৃষ্টি করেন এবং তাদের কাছ থেকে নগদ টাকা, একটি ব্যাগ ও গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নেন।
এ সময় ভুক্তভোগী ও তার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি হাঁসুয়া প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
অভিযোগ পাওয়ার পর নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই শাহীন মিয়া ও এএসআই আব্দুল মালেক সঙ্গীয় ফোর্সসহ কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালান।
অভিযানের একপর্যায়ে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অভিযুক্ত আ. আলীমকে ব্যবহৃত ধারালো হাঁসুয়াসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

