জামায়াত নেতা ও সংসদ সদস্য আমির হামজা–এর একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে নিজের জীবনের নিরাপত্তা নিয়ে গুরুতর শঙ্কা প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁন।
রোববার (২৪ মে) তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আশঙ্কার কথা জানান। সেখানে তিনি দাবি করেন, ধর্মীয় সভার বক্তব্যকে ঘিরে তার বিরুদ্ধে উস্কানি তৈরি করা হচ্ছে, যা ভবিষ্যতে তার জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
রাশেদ খাঁনের অভিযোগ, ওয়াজ মাহফিলের মতো ধর্মীয় প্ল্যাটফর্ম ব্যবহার করে তার বিরুদ্ধে এমন বক্তব্য দেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা ছড়িয়ে দিতে পারে এবং তাকে লক্ষ্য করে হামলার আশঙ্কা বাড়াতে পারে।
তিনি আরও বলেন, রাজনৈতিক মঞ্চে সমালোচনা হলে তিনি সেটিকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করতেন, তবে ধর্মীয় প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যক্তিগতভাবে টার্গেট করা পরিস্থিতিকে তিনি গুরুতর হুমকি হিসেবে দেখছেন।
ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, ভবিষ্যতে তার কোনো ধরনের ক্ষতি হলে এর সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট ব্যক্তিকে নিতে হবে।
রাশেদ খাঁন রাজনৈতিক জীবনের প্রেক্ষাপট উল্লেখ করে বলেন, তিনি আগে গণঅধিকার পরিষদের নেতৃত্বে ছিলেন এবং পরে বিএনপিতে যোগ দিয়ে জাতীয় নির্বাচনে অংশ নেন।

