প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীর উদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে ফোনে হুমকি ও বিভিন্ন অভিযোগ তোলার দাবি করেছেন।
শুক্রবার (৩১ জুলাই) নিজের ফেসবুক পোস্টে রাশেদ খান দাবি করেন, গতকাল বিকেলে নাসীর উদ্দীন পাটোয়ারী তাকে ফোন করে অনুরোধ করেন, তিনি যেন আর তার বিরুদ্ধে কোনো বক্তব্য না দেন। বিনিময়ে নাসীর উদ্দীনও তার বিরুদ্ধে আর কিছু বলবেন না বলে জানান।
রাশেদ খানের ভাষ্য অনুযায়ী, তিনি জবাবে বলেন, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর সহধর্মিণী, কন্যা ও মন্ত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা বন্ধ করলে বিষয়টি বিবেচনা করবেন। তার দাবি, তখন নাসীর উদ্দীন জানান যে তিনি এ বিষয়ে ইতোমধ্যে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন এবং ভবিষ্যতে এমন মন্তব্য করবেন না।
তবে রাশেদ খানের অভিযোগ, একই রাতে নাসীর উদ্দীন পাটোয়ারী আবার ফোন করে বলেন, তিনি নাহিদ ও আসিফের কাছ থেকে পাঁচ লাখ টাকা করে নিয়েছেন—এমন তথ্য প্রকাশ করবেন। পাশাপাশি ফ্ল্যাট কেনা এবং বিএনপিতে যোগ দেওয়ার বিষয়েও অভিযোগ তোলেন বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।
এসব অভিযোগ অস্বীকার করে রাশেদ খান লিখেছেন, তিনি কখনো নাহিদ-আসিফের কাছ থেকে কোনো অর্থ নেননি এবং তার কোনো ফ্ল্যাটও নেই। নিজের বিরুদ্ধে থাকা সব তথ্য প্রকাশ করারও আহ্বান জানান তিনি।
পোস্টের শেষাংশে রাশেদ খান বলেন, প্রথমে তিনি ভেবেছিলেন নাসীর উদ্দীন পাটোয়ারী নিজের অবস্থান পরিবর্তন করেছেন। কিন্তু পরদিন আবারও তার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় সেই ধারণা ভেঙে গেছে বলে মন্তব্য করেন।
তবে রাশেদ খানের এসব অভিযোগের বিষয়ে নাসীর উদ্দীন পাটোয়ারীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

