স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চায় বিএনপি। ধর্মের নামে বিভাজনের পরিবর্তে সম্প্রীতি ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর কাকরাইলের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, একটি মহল ধর্মকে ব্যবহার করে সমাজে বিভেদ তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করে সব নাগরিকের সমঅধিকার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে। অতীতে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিএনপির মহাসচিব আরও বলেন, যারা একাত্তরের ইতিহাসকে অস্বীকার করতে চায়, তারা বাংলাদেশকেই বিশ্বাস করে না। ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি রুখে দিয়ে উদার, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা এবং সমান অধিকার নিশ্চিত করেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

