‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর দাবা ইভেন্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বালক বিভাগে ঢাকা অঞ্চলের আওসাফ চৌধুরী এবং বালিকা বিভাগে একই অঞ্চলের মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বালক ও বালিকা—উভয় বিভাগের খেলাগুলো ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে সম্পন্ন হয়। বালক বিভাগের ফলাফল:বালক বিভাগে ঢাকা অঞ্চলের আওসাফ চৌধুরী ৭ খেলায় ৬ পয়েন্ট অর্জন করে অপরাজিত চ্যাম্পিয়ন হন।

সমান ৬ পয়েন্ট পেলেও টাই-ব্রেকিং পদ্ধতিতে পিছিয়ে পড়ে রানার-আপ স্থান অর্জন করেন ঢাকা অঞ্চলেরই মুহতাদি তাজওয়ার নাশিদ। এছাড়া ৫ পয়েন্ট করে অর্জন করেন দুজন খেলোয়াড়। পরবর্তীতে টাইব্রেকিং সমীকরণে সিলেট অঞ্চলের ঐশ্বর্য চক্রবর্তী তৃতীয় এবং চট্টগ্রাম অঞ্চলের অনিন্দ্য রিক দিগবিজয় চতুর্থ স্থান অর্জন করেন। বালিকা বিভাগের ফলাফল:বালিকা বিভাগে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ঢাকা অঞ্চলের মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু পূর্ণ ৭ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন।
সাড়ে ৫ পয়েন্ট নিয়ে এই বিভাগে রানার-আপ হয়েছেন ঢাকা অঞ্চলের সিদরাতুল মুনতাহা। অন্যদিকে ৪.৫ পয়েন্ট করে পাওয়া দুই প্রতিযোগীর মধ্যে টাইব্রেকিংয়ে এগিয়ে থেকে ফরিদপুর অঞ্চলের কাশফিয়াতুল জান্নাত তৃতীয় এবং রংপুর অঞ্চলের রোশনী সীমা চতুর্থ স্থান লাভ করেন।

